শিক্ষাঙ্গনকে নকলমুক্ত করার সফল উদ্যোগের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত পরিবেশ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তন-এ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, নকলবিরোধী কার্যক্রম যেভাবে কচুয়া থেকে শুরু হয়ে সারাদেশে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে, ঠিক একইভাবে মাদকবিরোধী অভিযানও কচুয়া থেকেই শুরু হবে। তিনি জোর দিয়ে বলেন, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অবশ্যই নিরাপদ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করতে হবে। কোনো অবস্থাতেই শিক্ষাঙ্গনে মাদক, সন্ত্রাস বা ইভটিজিংয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ডের স্থান থাকতে পারে না।
তিনি আরও জানান, সরকার শিক্ষার মানোন্নয়ন ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় কঠোর অবস্থানে রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শুধু পাঠদানের কেন্দ্র নয়, বরং আদর্শ নাগরিক তৈরির ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে হবে। এ লক্ষ্য অর্জনে প্রশাসন, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।
মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, তারেক রহমান-এর নেতৃত্বে দেশ দুর্নীতিমুক্ত যাত্রা শুরু করবে এবং আগামীর বাংলাদেশ হবে একটি সুন্দর, সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র। শিক্ষাব্যবস্থার ইতিবাচক পরিবর্তনই সেই অগ্রযাত্রার ভিত্তি রচনা করবে।
এর আগে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার এবং পুলিশ সুপার রবিউল হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় উপস্থিত কর্মকর্তারা শিক্ষাঙ্গনকে অপরাধমুক্ত রাখতে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।