নবনিযুক্ত অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মুক্তিযুদ্ধ ও ‘২৪-এর আন্দোলন—দুটোই দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ এবং উভয়কেই যথাযথ সম্মান জানাতে হবে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, মুক্তিযুদ্ধ ছিল দেশের জন্মের সংগ্রাম, আর ‘২৪-এর আন্দোলন ছিল স্বৈরাচার পতনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার লড়াই। তাই উভয় ঘটনারই নিজস্ব মূল্যবোধ ও তাৎপর্য রয়েছে। “মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ, ২৪-এর জায়গায় ২৪—এগুলো পরস্পরবিরোধী নয়,” বলেন তিনি।
অর্থমন্ত্রী আরও বলেন, মুক্তিযুদ্ধের ভিত্তিতেই বাংলাদেশের জন্ম হয়েছে এবং যারা সেই সময়ে ত্যাগ স্বীকার করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানানো আমাদের নৈতিক দায়িত্ব। সে কারণেই বিভিন্ন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শহিদদের স্মরণ করা হয়।
তিনি উল্লেখ করেন, স্বাধীনতার পর দেশজুড়ে নানা আন্দোলন ও সংগ্রামে বহু মানুষ প্রাণ দিয়েছেন। দেশের জন্য আত্মত্যাগকারীদের কাউকেই অবহেলা করা যাবে না। যে জাতি নিজের গর্বিত সন্তানদের সম্মান জানাতে পারে না, সে জাতির অগ্রযাত্রা সম্ভব নয়। এগুলোই দেশের মৌলিক মূল্যবোধ।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা দেশ, স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন এবং আপসহীনভাবে লড়াই করেছেন, তাদের মধ্যে বিএনপি অন্যতম। গণতন্ত্র রক্ষায় দলটি এখনও সংগ্রাম করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে তিনি বলেন, যে বাংলাদেশের জন্য যুদ্ধ করা হয়েছে, সেটিকে জনগণের স্বার্থে ও দেশের কল্যাণে গড়ে তুলতে হবে।