জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর গভীর কষ্ট প্রকাশ করেছেন রাষ্ট্রনিযুক্ত তার আইনজীবী আমির হোসেন। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করলে তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অনুভূতি লুকাতে পারেননি।
রায়ের প্রতিক্রিয়া জানতে চাইলে আমির হোসেন বলেন, “এই রায়ে আমার ভেতরে অনেক কষ্ট আছে। এর বাইরে কিছু বলতে চাই না।” তিনি আরও জানান, “আমার ক্লায়েন্ট সর্বোচ্চ সাজা পাচ্ছে—এটা তো অবশ্যই কষ্ট দেবে।”
রায়ে অসন্তুষ্ট কি না জানতে চাইলে তিনি বলেন, “আমি আসলে খুবই কষ্ট পাচ্ছি। একজন আইনজীবী হিসেবে আমার ক্লায়েন্টের সর্বোচ্চ সাজা দেখা দুঃখজনক।”
এই রায়ে আপিল করার সুযোগ রয়েছে কি না—এমন প্রশ্নে তিনি স্পষ্টভাবে জানান, “আমার পক্ষে আপিল করার সুযোগ নেই। আমার ক্লায়েন্ট স্বেচ্ছায় আত্মসমর্পণ না করা কিংবা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত কোনো অবস্থাতেই আপিল করা সম্ভব নয়।”
এর আগে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে দুটি অভিযোগে মৃত্যুদণ্ড এবং একটিতে আমৃত্যু কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। একই মামলায় অন্যান্য আসামিদের বিরুদ্ধেও রায় ঘোষণা করা হয়েছে।