দৈনন্দিন জীবনে প্রয়োজন মেটাতে ঘর থেকে বের হতে হয় এবং দিন শেষে আবার ঘরে প্রবেশ করতে হয়। কিন্তু ইসলাম শিক্ষা দেয় যে, এই সহজ কাজটিকেও আমরা আল্লাহকে স্মরণ করে আরও মঙ্গলময় করতে পারি।
হজরত মুহাম্মদ সা. ঘরে প্রবেশের সময় একটি বিশেষ দোয়া পড়তেন। এই দোয়াটি শুধুমাত্র একটি রীতি নয়, বরং এটি আমাদেরকে আল্লাহর প্রতি ভরসা রাখতে এবং ঘরবাসীদের সাথে শান্তিপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে।
দোয়াটি হলো: আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরা মাওলাজি, ওয়া খাইরাল মাখরাজি, বিসমিল্লাহি ওয়ালাজনা, বিসমিল্লাহি খারাজনা, ওয়া আলাল্লাহি রব্বিনা তাওয়াক্কালনা।
দোয়াটি অর্থ হলো: হে আল্লাহ, আমি আপনার কাছে উত্তম প্রবেশ ও উত্তম বের হওয়া প্রার্থনা করছি। আল্লাহর নামে প্রবেশ করছি এবং আল্লাহর নামে বের হচ্ছি। এবং আমাদের রব আল্লাহর ওপর ভরসা করছি।
আবু মালিক আল-আশআরি রা. বর্ণিত, রসুল সা. বলেছেন, যে ব্যক্তি ঘরে প্রবেশ করছে সে যেন এই দোয়া পড়ে। এরপর ঘরবাসীকে সালাম দিয়ে প্রবেশ করে।
ঘরে প্রবেশের সময় এই দোয়া পড়ার অভ্যাস আমাদেরকে ইসলামের শিক্ষা অনুযায়ী জীবন যাপন করতে সাহায্য করে। এটি আমাদেরকে আল্লাহর প্রতি সচেতন করে তোলে এবং আমাদের দৈনন্দিন জীবনে বরকত বৃদ্ধি করে।
আসুন আমরা সবাই এই সুন্দর দোয়াকে আমাদের জীবনে প্রয়োগ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করি।