পাকিস্তানের ভূমি ব্যবহার করে মার্কিন ড্রোন আফগান আকাশসীমায় প্রবেশ করছে বলে অভিযোগ করেছে আফগান সরকার। দেশটির মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের এসব ড্রোন আফগান আকাশসীমা লঙ্ঘন করছে এবং পাকিস্তান তা থামাতে ব্যর্থ হচ্ছে।
রবিবার (২ নভেম্বর) আফগান সংবাদমাধ্যম টোলো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মুজাহিদ বলেন, “পাকিস্তান যেমন চায় আফগানিস্তানের মাটি যেন তাদের বিরুদ্ধে ব্যবহার না হয়, তেমনি আমরাও চাই আমাদের ভূখণ্ড বা আকাশসীমা যেন অন্য কেউ আমাদের বিরুদ্ধে ব্যবহার না করে।”
তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্রের ড্রোনগুলো বারবার আমাদের আকাশসীমায় প্রবেশ করছে। এটি আন্তর্জাতিক নীতিমালা লঙ্ঘন। পাকিস্তান তা রুখতে অক্ষম—এটিকে আমরা তাদের অক্ষমতা হিসেবেই দেখি।”
মুজাহিদ অভিযোগ করেন, কিছু বৈশ্বিক শক্তি ও আঞ্চলিক দেশ আফগানিস্তানকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। “যারা একসময় আফগানিস্তানের সঙ্গে সংঘাতে জড়িত ছিল বা বাগরাম ঘাঁটির নিয়ন্ত্রণ নিতে চেয়েছিল, তারা এখন উস্কানি ও চাপের মাধ্যমে নতুন অস্থিরতা তৈরি করছে,” বলেন তিনি।
তিনি সতর্ক করে বলেন, “আফগানিস্তান এখন আগের মতো দুর্বল নয়। এই অঞ্চলে কোনো শক্তির উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়িত হতে দেওয়া হবে না। আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ়।”
মুজাহিদ আরও জানান, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে আলোচনায় একমাত্র অমীমাংসিত ইস্যু হলো তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। এই ইস্যুতে দুই দেশের মধ্যে পারস্পরিক সন্দেহ ও উত্তেজনা রয়ে গেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আফগান সরকারের এই অভিযোগ কাবুল-ইসলামাবাদ সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে এবং অঞ্চলে নতুন করে ভূরাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করতে পারে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?