পাকিস্তানকে সরাসরি কঠোর হুঁশিয়ারি দিলেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি স্পষ্ট ভাষায় সতর্ক করে বলেছেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদকে সমর্থন বন্ধ করতে হবে, নইলে পাকিস্তানকে তার ভৌগোলিক অস্তিত্ব নিয়েই প্রশ্নের মুখে পড়তে হবে।
শুক্রবার রাজস্থানের অনুপগড়ে একটি সেনা পোস্টে বক্তৃতা দিতে গিয়ে দ্বিবেদী এই হুঁশিয়ারি দেন। এনডিটিভি জানায়, বক্তৃতায় তিনি বলেন,
“অপারেশন সিন্দুর ১.০-তে আমরা সংযম দেখিয়েছিলাম, এবার আর সেই সংযম দেখানো হবে না। এবার আমরা এমন ব্যবস্থা নেব, যা পাকিস্তানকে ভাবতে বাধ্য করবে তারা ভূগোলে তাদের স্থান ধরে রাখতে চায় কি না। যদি ধরে রাখতে চায়, তবে অবশ্যই সন্ত্রাসবাদে সমর্থন বন্ধ করতে হবে।”
শীর্ষ জেনারেল শুধু হুঁশিয়ারি দিয়েই থেমে থাকেননি, সৈন্যদেরও প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। তার ভাষায়, “ঈশ্বর ইচ্ছা করলে তোমরা শিগগিরই সুযোগ পাবে। শুভকামনা।” এনডিটিভি জানিয়েছে, তার এ বক্তব্য ভারতের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং-এর আগের দিনের মন্তব্যের ধারাবাহিকতায় এসেছে।
ভারতের সেনাপ্রধান আরও বলেন, অপারেশন সিন্দুরের সময় ভারত দৃঢ় সিদ্ধান্ত নিয়েছিল— কোনো নিরীহ প্রাণহানি ঘটানো হবে না এবং অযথা সামরিক স্থাপনা ধ্বংস করা হবে না। তাদের মূল লক্ষ্য ছিল সন্ত্রাসীদের আস্তানা, প্রশিক্ষণ কেন্দ্র এবং তাদের পরিকল্পনাকারীদের সম্পূর্ণ নির্মূল করা।
উল্লেখ্য, গত মে মাসে কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলার পর দুই দেশ প্রায় যুদ্ধের মুখোমুখি হয়ে পড়ে। ভারত ও পাকিস্তান একে অপরের ভেতরে বিমান হামলা চালায়, এমনকি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবিও করে উভয় দেশ। পরিস্থিতি চরমে পৌঁছালে বৈশ্বিক চাপ ও দুই দেশের বোঝাপড়ার ভিত্তিতে ১০ মে যুদ্ধবিরতি কার্যকর হয়।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?