ভারতে প্রবল বর্ষণের কারণে পাকিস্তানের পূর্বাঞ্চলের আন্তঃসীমান্ত তিন নদী—চেনাব, রাভি ও সুতলেজে পানির প্রবাহ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশজুড়ে জারি করা হয়েছে বন্যার উচ্চ সতর্কতা। ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন করে নদীতীরবর্তী এলাকা থেকে লাখ লাখ মানুষ ও গবাদিপশু সরিয়ে নেওয়ার কাজ চলছে।
বুধবার পানির চাপ বেড়ে যাওয়ায় চেনাব নদীর কাদিরাবাদ বাঁধের তীররক্ষা অংশে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে ভেঙে দেওয়া হয়। পাঞ্জাবের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মাজহার হোসেন বলেন,
“বাঁধের অবকাঠামো বাঁচাতে আমরা ডানপাশের তীররক্ষা বাঁধ ধ্বংস করে দিয়েছি; যাতে পানির চাপ কিছুটা কমে যায়।”
পাকিস্তান কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতের উজান থেকে বাঁধের পানি ছেড়ে দেওয়ায় হঠাৎ প্রবাহ বেড়ে গেছে। ইসলামাবাদের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, ভারত কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আগাম নোটিশ দিয়েছিল। তবে এ বিষয়ে ভারতীয় কর্মকর্তারা কোনো মন্তব্য করেননি।
জরুরি সতর্কতা জারি করে পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ চেনাব, রাভি ও সুতলেজ নদীর তীরবর্তী মানুষদের অবিলম্বে নিরাপদ আশ্রয়ে যেতে আহ্বান জানিয়েছে।
পাঞ্জাবের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান ইরফান আলি সতর্ক করে বলেন,
“আমি জনগণকে রাভি নদীর তীর ত্যাগ করার জন্য আহ্বান জানিয়েছি। কারণ ১৯৮৮ সালের বন্যার পর এবার পানির প্রবাহ সবচেয়ে বেশি।”
তার মতে, আজ রাত ও আগামীকাল সকালেই লাহোর হয়ে বন্যার পানির ঢল বয়ে যেতে পারে।
চলতি বর্ষায় পাকিস্তান ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জুন মাস থেকে শুরু হওয়া টানা বর্ষণ, ভূমিধস ও বন্যায় এ পর্যন্ত ৮০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?