মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টারা তাঁকে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে ‘এক্সিট স্ট্র্যাটেজি’ গ্রহণের পরামর্শ দিচ্ছেন। খবর দিয়েছে প্যালেস্টাইন ক্রনিকল। ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প বলেন, এই অভিযান প্রত্যাশার চেয়ে দ্রুতগতিতে এগোচ্ছে এবং তিনি বিশ্বাস করেন, সংঘাত ‘খুব শিগগিরই’ শেষ হবে।
তবে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, কিছু উপদেষ্টা ট্রাম্পকে পরামর্শ দিয়েছেন যেন তিনি জনসমক্ষে যুদ্ধের লক্ষ্য অর্জিত হয়েছে তুলে ধরেন এবং সামরিক বাহিনীকে ধাপে ধাপে প্রত্যাহারের প্রস্তুতি নিতে শুরু করেন। এই উদ্বেগের পেছনে রয়েছে তেলের ক্রমবর্ধমান দাম এবং দীর্ঘস্থায়ী সংঘাতের অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব।
উপদেষ্টাদের মতে, দীর্ঘমেয়াদী যুদ্ধ অভিযানের প্রতি রাজনৈতিক সমর্থন কমিয়ে দিতে পারে। সাম্প্রতিক জরিপে দেখা গেছে, অধিকাংশ মার্কিন নাগরিক এই যুদ্ধে বিরোধী।
ইরানের অবস্থানও কঠোর। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্রের ওপর আর কোনো আস্থা রাখা যায় না, কারণ আলোচনার সময়ও হামলা চালানো হয়েছে। তিনি বলেন, ‘তারা ভেবেছিল দুই-তিন দিনের মধ্যে শাসনব্যবস্থা পরিবর্তন করতে পারবে, কিন্তু ব্যর্থ হয়েছে।’
ইরানি সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেন, ‘ইরান যুদ্ধ শুরু করেনি, তবে এটি শেষ করবে ইরানই।’ তিনি হরমুজ প্রণালীর কৌশলগত গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন, ‘এই যুদ্ধে সব শক্তি বিনিয়োগ করা আমাদের জন্য স্বাভাবিক।’
এই অবস্থার মধ্যে মার্কিন নেতৃত্ব ও উপদেষ্টাদের মধ্যস্থতায় যুদ্ধের সমাপ্তি ও কৌশলগত পদক্ষেপ নিয়ে চাপ বাড়ছে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?