বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতা নিয়ে যখন সারাদেশে গভীর শোক–উদ্বেগ ছড়িয়ে পড়েছে, সেই মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে কণ্ঠশিল্পী ও বিসিবি পরিচালক আসিফ আকবরের একটি আবেগঘন পোস্ট।
সেখানে তিনি রাজনীতির অতীত–বর্তমান প্রসঙ্গ টেনে তীব্র সমালোচনা করেন আওয়ামী লীগ সরকারের অতীত শাসনব্যবস্থা ও বর্তমান রাজনৈতিক সংকটকে।
ফেসবুক পোস্টে আসিফ আকবর বলেন, “এই দেশে ফ্যাসিস্টের সূতিকাগার স্থাপন করেছিল একদলীয় বাকশালতন্ত্র। সেই অমানবিক রাজনৈতিক সংস্কৃতি ভেঙে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু সেই সিদ্ধান্তের সুযোগে ফ্যাসিবাদী শক্তিরাও পুনর্বাসিত হয়েছে।”
তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মর্মান্তিক হত্যাকাণ্ডের পর বিদেশে থাকা এক ‘পলাতক ফ্যাসিস্ট নেত্রী’ মন্তব্য করেছিলেন— “আই অ্যাম নট আনহ্যাপি।” তার মতে, এ বক্তব্য সেই সময়কার নিষ্ঠুর রাজনৈতিক মানসিকতার প্রতীক হয়ে আছে।
বেগম খালেদা জিয়ার প্রসঙ্গে আসিফ লেখেন, “দেশনেত্রী বেগম জিয়া জাতীয় ঐক্যের প্রতীক। তিনি কখনও ফ্যাসিবাদী জুলুমের কাছে পরাজিত হননি, দেশ ছেড়ে পালাননি। আজ তিনি অসুস্থ—সারা দেশের মানুষ তাঁর জন্য দোয়া করছে।”
তারেক রহমানের অনুপস্থিতি নিয়ে সমালোচনার প্রতিক্রিয়ায় তিনি বলেন, “তারেক রহমান বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নির্যাতিত রাজনৈতিক ব্যক্তি। ১/১১ তে দেশে–বিদেশে ষড়যন্ত্রকারীরা যেভাবে তাকে নির্মমভাবে নির্যাতন করেছে, তা জাতি ভুলে যায়নি। তাঁর নিরাপত্তা, ভূ-রাজনৈতিক জটিলতা ও রাষ্ট্রীয় পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হয়। তিনি নতুন কোনো রাজনৈতিক খেলার বলি হোক, সেটা জাতি চায় না।”
মায়ের অসুস্থতা নিয়ে আবেগপ্রবণ হয়ে আসিফ আরও বলেন, “খালেদা জিয়া আপসহীন লড়াকু জননেত্রী। আল্লাহ অবশ্যই তাঁর সহায় হবেন। আজ কয়েকজন রাজনৈতিক কুমির ছাড়া পুরো দেশ তাঁর জন্য কাঁদছে, দোয়া করছে। আবেগের ফাঁদে পা দিয়ে কেউ যেন ঘোলা পানিতে মাছ ধরার সুযোগ না পায়।”
তিনি খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বলেন, “আপনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুন। আপনার অপেক্ষায় আছে পুরো জাতি।”