অভিনেত্রী শমী কায়সার অবশেষে জামিনে কারামুক্ত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ১০টা ৪০ মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি বের হন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কারা সদর দপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির।
শমী কায়সারকে গত বছরের ৫ নভেম্বর রাতে উত্তরা ৪ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের ৫৩ নম্বর বাসা থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরবর্তীতে রাজধানীর উত্তরা পূর্ব থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
গত ১০ আগস্ট হাইকোর্টের বিচারপতি এএসএম আবদুল মবিন ও বিচারপতি মো. জাবিদ হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ জুবায়ের হাসান ইউসুফ হত্যাচেষ্টা মামলায় শমী কায়সারকে জামিন দেন। একইসঙ্গে ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদকে হত্যাচেষ্টার আরেক মামলাতেও তিনি জামিন পান।
তার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় দীর্ঘ কারাবাসের পর তিনি অবশেষে মুক্তি পেলেন।