রোকুনুজ্জামান, জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় লাইব্রেরি এবং উন্মুক্ত লাইব্রেরিতে শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে জরুরি পদক্ষেপ গ্রহণ করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) পাঠাগার ও সেমিনার সম্পাদক রিয়াসাল রাকিবের প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রকৌশল দপ্তরের সংশ্লিষ্টজনদের নিয়ে সুনির্দিষ্ট ৮টি সমস্যা চিহ্নিত করা হয়েছে। যা আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে সমাধানের আল্টিমেটাম দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন জকসুর পাঠাগার ও সেমিনার সম্পাদক রিয়াসাল রাকিব।
তিনি জানান, শিক্ষার্থীদের পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত তার নেতৃত্বে প্রকৌশল দপ্তরের একটি প্রতিনিধিদল লাইব্রেরি এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।
এ সময় লাইব্রেরির অবকাঠামগত ত্রুটি ও সুযোগ-সুবিধার ঘাটতিগুলো প্রকৌশল দপ্তরের কর্মকর্তাদের সামনে তুলে ধরা হয় এবং দ্রুততম সময়ে সংস্কারের তাগিদ দেওয়া হয়। পরিদর্শনে মূলত স্বাস্থ্যসুরক্ষা, প্রযুক্তিগত সুবিধা এবং অবকাঠামগত উন্নয়নের ওপর জোর দেওয়া হয়েছে।
চিহ্নিত ৮টি সমস্যা ও সংস্কার প্রস্তাবনার মধ্যে রয়েছে লাইব্রেরির বেসিনগুলোর অকেজো অবস্থা সংস্কার, ওয়াশরুমের অস্বাস্থ্যকর পরিবেশ দূরীকরণ ও সংস্কার, পড়াশোনার জন্য পর্যাপ্ত লাইটিং বা আলোর ব্যবস্থা নিশ্চিতকরণ এবং পানির বিশুদ্ধতা বজায় রাখতে ফিটকিরি সমস্যার সমাধান।
এছাড়াও শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতায় নিয়মিত হ্যান্ড ওয়াশ সরবরাহ, গবেষণা ও অনলাইন রিসোর্সের জন্য দ্রুতগতির ওয়াইফাই নিশ্চিতকরণ, সময়ের সঠিক ব্যবস্থাপনায় ডিজিটাল দেয়াল ঘড়ি স্থাপন এবং সাধারণ জ্ঞান চর্চার জন্য নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স সরবরাহের বিষয়গুলোও অন্তর্ভুক্ত রয়েছে।
লাইব্রেরির পরিবেশ উন্নয়নে জকসু সম্পাদকের এই তৎক্ষণাৎ উদ্যোগ এবং প্রকৌশল দপ্তরের সাথে সমন্বয়ের বিষয়টি শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। এই আল্টিমেটামের ফলে দীর্ঘদিনের প্রশাসনিক দীর্ঘসূত্রিতা কেটে যাবে বলে শিক্ষার্থীরা আশা প্রকাশ করছেন।
এ বিষয়ে জকসুর পাঠাগার ও সেমিনার সম্পাদক রিয়াসাল রাকিব বলেন, “সেন্ট্রাল লাইব্রেরি এবং উন্মুক্ত লাইব্রেরিতে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ইঞ্জিনিয়ারিং দপ্তরের লোকদের নিয়ে সমস্যা চিহ্নিত করেছি। ইনশাআল্লাহ ২/৩ দিনের মধ্যে সমস্যাগুলো সমাধান করা হবে।”
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে আসন সংকট, ওয়াশরুম ও ইন্টারনেটের ধীরগতি নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ দীর্ঘদিনের। রিয়াসাল রাকিবের এই উদ্যোগ বাস্তবায়িত হলে লাইব্রেরিতে শিক্ষার্থীদের ভোগান্তি অনেকটাই কমে আসবে এবং শিক্ষার পরিবেশ আরও গতিশীল হবে মনে করছেন সংশ্লিষ্টজনরা।