রোকুনুজ্জামান, জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোটগ্রহণ স্বচ্ছ, নিরপেক্ষ ও প্রশ্নাতীত করতে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি দিয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘অদম্য জবিয়ান ঐক্য’। এতে গত ৩০ ডিসেম্বর স্থগিত হওয়া নির্বাচনের দিন পরিলক্ষিত নিরাপত্তা ঘাটতি ও অব্যবস্থাপনার বিষয়গুলো তুলে ধরে প্রতিকার চাওয়া হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) প্যানেলের ভিপি পদপ্রার্থী মো. রিয়াজুল ইসলাম স্বাক্ষরিত এই লিখিত স্মারকলিপি নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়।
স্মারকলিপিতে অভিযোগ করা হয়, গত ৩০ ডিসেম্বর ভোটের দিন ফজরের নামাজের পরপরই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক খুলে দেওয়ায় কয়েকশ অছাত্র ও বহিরাগত ক্যাম্পাসে প্রবেশের সুযোগ পায়।
এছাড়া নির্বাচনী দায়িত্বে থাকা শিক্ষক ও কর্মকর্তাদের দেরিতে উপস্থিতি এবং ভোটারদের প্রবেশের ক্ষেত্রে কঠোর নিরাপত্তা তল্লাশি না থাকায় বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ সৃষ্টি হয়েছিল।
এমনকি পোলিং এজেন্ট ও পর্যবেক্ষকদের জন্য ছবিযুক্ত স্থায়ী পরিচয়পত্র নিশ্চিত না করায় ফটোকপি করা কার্ড দিয়েও অনেকে কেন্দ্রে প্রবেশ করেছে বলে অভিযোগ করা হয়।
এ বিষয়ে অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী ও জবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, “নির্বাচন যেন সবার কাছে গ্রহণযোগ্য হয় এবং একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকে, সেজন্যই আমরা বিগত দিনের অভিজ্ঞতার আলোকে এই পর্যালোচনা ও দাবি পেশ করেছি।
বিশ্ববিদ্যালয়ের প্রথম এই নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের প্রত্যাশা অনেক। আমরা চাই প্রশাসন ও কমিশন এই ত্রুটিগুলো শুধরে সাধারণ শিক্ষার্থীদের ভোটাধিকার প্রয়োগের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করুক।”
স্মারকলিপিতে আগামী ৬ জানুয়ারির নির্বাচনে গেটে চেকিংয়ের দায়িত্ব সরাসরি শিক্ষকদের তত্ত্বাবধানে সম্পন্ন করা এবং স্বেচ্ছাসেবক সংগঠনগুলোর প্রস্তুতি আরও জোরদার করার সুপারিশ করা হয়েছে। এছাড়াও ভোটকেন্দ্রের সামনে লিফলেট বিলি ও আচরণবিধি লঙ্ঘন রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।