রোকুনুজ্জামান, জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের নির্ধারিত তারিখ ঘোষণা করা হলেও এখন পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) চূড়ান্ত বার্তার অপেক্ষায় আটকে আছে নির্বাচনের ভাগ্য। যা নির্ধারণে জরুরী সিন্ডিকেট মিটিং ডেকেছে প্রশাসন।
রোববার (৪ জানুয়ারি) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই জরুরি সভা অনুষ্ঠিত হবে। সভায় জকসু নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রশাসনের পক্ষ থেকে ইসিকে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হলেও নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে এখনো কোনো নির্দেশনা পাওয়া যায়নি।
উদ্ভূত পরিস্থিতিতে করণীয় ঠিক করতেই এই সিন্ডিকেট সভা। তবে সিন্ডিকেট সদস্যদের মতে, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে বড় কোনো বাস্তব বাধা নেই এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিরাপত্তা চাইলে ডিএমপি তা দিতে বাধ্য।
নিরাপত্তা ও অনুমোদনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন জানান, সিএসসির মাধ্যমে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠি পাঠানো হয়েছে। পরবর্তীতে নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ডিএমপি কমিশনারের কাছেও আবেদন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, “জকসু নির্বাচন আয়োজনের ব্যাপারে আমরা সম্পূর্ণ আশাবাদী। নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের চাপ বা প্রতিবন্ধকতা অনুভব করছি না। নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।”
প্রাসঙ্গত, একাধিকবার জকসু নির্বাচনের তারিখ পেছানোর পর ৬ তারিখের জকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করলেও শেষ মুহূর্তে ইসির অনুমোদনের অপেক্ষায় থাকা এবং রিটার্নিং কর্মকর্তার সাড়া না পাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে। আজকের সিন্ডিকেট সভার সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে ৬ জানুয়ারির নির্বাচনের চূড়ান্ত ভবিষ্যৎ।