রোকুনুজ্জামান, জবি প্রতিনিধি
ভূমিকম্পের জেরে সৃষ্ট পরিস্থিতির কারণে টানা দুই সপ্তাহের বেশি সময় বন্ধ থাকার পর অবশেষে সশরীরে শিক্ষা কার্যক্রমে ফিরছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। আগামী মঙ্গলবার থেকে ক্যাম্পাসে সশরীরে ক্লাস কার্যক্রম পুনরায় শুরুর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তবে এর একদিন আগে থেকেই বিভিন্ন বিভাগ চাইলে তাদের সেমিস্টার ফাইনালসহ অন্যান্য পরীক্ষা গ্রহণ করতে পারবে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১০৫তম বিশেষ সিন্ডিকেট সভায় এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৮ ডিসেম্বর (সোমবার) পর্যন্ত অনলাইন মাধ্যমেই শ্রেণি কার্যক্রম চলমান থাকবে। এরপর ৯ ডিসেম্বর থেকে পুরোদমে ক্যাম্পাসে ক্লাস শুরু হবে। এছাড়া সকল ইনস্টিটিউট ও বিভাগ তাদের নিজস্ব সুবিধাজনক রুটিন তৈরি করে ৮ ডিসেম্বর থেকেই পরীক্ষা নিতে পারবে।
সিন্ডিকেট সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য রইছ্ উদদীন। তিনি বলেন, “আজকে বিশেষ সিন্ডিকেট সভায় ভূমিকম্পের উদ্ভূত পরিস্থিতিতে ক্যাম্পাস খোলা ও পরীক্ষা কবে থেকে নেওয়া যায় এসব বিষয়ে আলোচনা হয়েছে। তবে জকসু নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। নির্বাচন কমিশন স্বাধীন, জকসু’র বিষয়ে নির্বাচন কমিশন যা সিদ্ধান্ত নিবে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত।”
তিনি আরও যুক্ত করেন, “আগামী মঙ্গলবার থেকে ক্যাম্পাস খুলে দেওয়া হবে। সোমবার থেকে চাইলে যেকোনো বিভাগ সেমিস্টার ফাইনাল পরীক্ষা নিতে পারবে। তবে আগামী রবিবার ও সোমবার এ দুই দিন যথারীতি অনলাইন ক্লাস নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।”
এদিকে সভার কার্যবিবরণী সূত্রে জানা যায়, সিন্ডিকেট সদস্য জকসু নিয়ে কমিশনের স্বাধীনতার কথা উল্লেখ করলেও, সভায় ২০২৫ সালের ডিসেম্বর মাসের মধ্যেই জকসু এবং হল শিক্ষার্থী সংসদ নির্বাচন সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনকে দায়িত্ব অর্পণ করা হয়েছে।
এছাড়া ভূমিকম্প পরবর্তী নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভবনগুলোর রেট্রোফিটিং বা সংস্কার কাজ দ্রুত বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। একইসঙ্গে ভবনগুলোতে নিরাপদে শিক্ষা কার্যক্রম পরিচালনার বিষয়টি তদারকির জন্য একটি ‘টেকনিক্যাল কমিটি’ গঠনেরও সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট।
প্রসঙ্গত, ভূমিকম্পের কারনে ২৩ নভেম্বর ঘোষিত দুই সপ্তাহের ছুটি ঘোষণা করে জবি প্রশাসন। যারই পরিপ্রেক্ষিত ঢাবির মতো ছুটি বৃদ্ধি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে চলমান নানান আলোচনার ইতি টানলো জবি প্রশাসন।