হাবিবুর রহমান সাগর ,জাবি প্রতিনিধি
তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন ও নদীর পানির নায্য হিস্যা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
শনিবার (১৮ অক্টোবর) বেলা সোয়া ৩টায় বিশ্ববিদ্যালয়ের মুল ফটক সংলগ্ন (ডেইরী গেট) ঢাকা-অরিচা মহাসড়কের সামনে মানববন্ধন করেন তারা।
বিশ্ববিদ্যালয়ের উত্তরবঙ্গ শিক্ষার্থীবৃন্দের আয়োজনে করা মানববন্ধন সঞ্চালনা করেন দর্শন বিভাগের শিক্ষার্থী জি.এম.এম রায়হান কবির। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ে উপ-উপচার্য (প্রশাসন) সোহেল আহমেদ ও জীববিজ্ঞান অনুষদের ডিন মাফরুহী সাত্তার উপস্থিত ছিলেন। এছাড়াও মানববন্ধনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ(জাকসু), ছাত্রশিবির, ছাত্রদল ও অন্যান্য ক্রীয়াশীল সংগঠন সংহতি জানিয়ে অবস্থান করেন।
মানববন্ধনে কুড়িগ্রামের বাসিন্দা বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাফিউজ্জামান শাহীন বলেন, উত্তরবঙ্গের মানুষের জীবনমান নির্ভর করছে তিস্তা নদীর উপর। বর্ষাকালে যেমন বন্যা হয়ে সব ছারখার হয়ে যায়, তেমনি শীতকালের খরাতে হাহাকার দেখা যায়।
শুধুমাত্র নদীর পানির নায্য হিসাব নিশ্চিত করতে না পারায় উত্তরবঙ্গের মানুষের জীবন মানের এই দুর্দশা। অতি দ্রুত ইন্টেরিম সরকারের প্রতি তিস্তা নদীতে মহাপরিকল্পনা বাস্তবায়ন করে, উত্তরবঙ্গের মানুষের পাশে দাড়ানোর দাবি জানাচ্ছি।
জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, যেই নদীতে বর্ষাকালে প্রতি সেকেন্ডে ২ লক্ষ বর্গফুট পানি প্রবাহিত হয়, যেখানে শীতকালে ১ হাজারে নেমে আসে। শুষ্কমৌসুমে যা উত্তরবঙ্গে মানুষের জন্য অভিশাপের মতো। সরকারের পর সরকার পরিবর্তন হলেও উত্তরবঙ্গের মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি।
গণঅভ্যুত্থান পরবর্তী সরকারও নানা কূটনৈতিক চাপের ফলে ব্যর্থ হয়েছে। সরকারের প্রতি আহ্বান থাকবে পার্শ্ববর্তী দেশ ভারতের স্বার্থ ও সুবিধার কথা না ভেবে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা।