রাবি প্রতিনিধি
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) সর্বশেষ গেজেট থেকে সুপারিশপ্রাপ্ত ১৩ জন প্রার্থী বাদ পড়ায় এর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরের আগে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে আইন বিভাগের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেন। তারা দ্রুত সংশোধিত গেজেট প্রকাশ, প্রাক-নিয়োগ যাচাই–বাছাই ধাপগুলোতে স্বচ্ছতা ও প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নেশাত তাসনিম মৃদুলা বলেন, ন্যায়–অন্যায়ের প্রশ্নে আইন বিভাগ সবসময়ই স্পষ্ট অবস্থান নেয়। দেশের বিচার ব্যবস্থায় মেধাভিত্তিক বাছাই পদ্ধতি বজায় থাকলেও চলতি বছরে প্রকাশিত গেজেটে ১৩ জন যোগ্য ও সুপারিশপ্রাপ্ত প্রার্থীকে কোনো কারণ ছাড়াই বাদ দেওয়া হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
তিনি আরও বলেন, দেশে অপসংস্কৃতি, অপরাধনীতি ও বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনের যে প্রচেষ্টা চলছে, তার সঙ্গে এমন বৈষম্যমূলক সিদ্ধান্ত সামঞ্জস্যপূর্ণ নয়। শিক্ষার্থীরা তাই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে বাধ্য হয়েছেন। তাদের দাবি—এই ১৩ জনকে দ্রুত গেজেটভুক্ত করতে হবে।
একই বর্ষের শিক্ষার্থী মাহাদী হাসান বলেন, তিন ধাপের পরীক্ষা—প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক—সফলভাবে পেরোনোর পরও প্রার্থীদের গেজেটে না রাখা স্পষ্ট বৈষম্য। তিনি সংবিধানের ২৭ নং অনুচ্ছেদের কথা উল্লেখ করে বলেন, সরকারি চাকরিতে সমঅধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি।
মাহাদী আরও বলেন, বর্তমান পরিস্থিতি অতীতের অস্বচ্ছ ও অন্যায্য আমলের কথা মনে করিয়ে দেয়। ২০২৪ সালের আন্দোলনের লক্ষ্য ছিল বৈষম্য দূর করা এবং মেধার সঠিক মূল্যায়ন নিশ্চিত করা। বিপুল ত্যাগের পরও আজ একই ধরনের অনিয়মের পুনরাবৃত্তি হওয়া অত্যন্ত হতাশাজনক।#