ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে স্বতন্ত্র প্যানেল গঠনের ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। নিজের ফেসবুক পেজে বুধবার (৩০ জুলাই) এক দীর্ঘ পোস্টে তিনি এ ঘোষণা দেন।
পোস্টে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করতে আগ্রহী এবং দীর্ঘদিন এই লক্ষ্যেই কাজ করে যাওয়া একঝাঁক শিক্ষার্থীকে নিয়ে একটি স্বতন্ত্র প্যানেল গঠন করতে যাচ্ছেন। এই প্যানেল কোন রাজনৈতিক দলের ছত্রছায়ায় নয়, বরং শিক্ষার্থীদের অধিকার ও স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবে।
উমামা বলেন, “আমি উমামা ফাতেমা, প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও কবি সুফিয়া কামাল হলের আবাসিক। বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষ থেকেই ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত। সেই সময়ই ‘বৈধ সিট আমার অধিকার’ প্ল্যাটফর্ম গড়ে তুলি এবং শিক্ষার্থীদের মৌলিক দাবিগুলো সামনে তুলে ধরি।”
তিনি জানান, দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতে তিনি উপলব্ধি করেছেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল সমস্যাগুলো রাজনৈতিক আধিপত্য, স্বচ্ছ নেতৃত্বের অভাব এবং শিক্ষার্থীদের কণ্ঠকে উপেক্ষা করার মধ্যেই নিহিত। এসব সমস্যা সমাধানে দরকার একটি সংগঠিত, লেজিটিমেট এবং ছাত্রবান্ধব ছাত্র সংসদ।
ডাকসু নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এমন নেতৃত্ব চায় যারা কোনো পক্ষের দ্বারা প্রভাবিত হবে না। যারা শুধু নেতা হতেই চায় না, বরং বিশ্ববিদ্যালয়কে গবেষণার আদর্শ কেন্দ্রে পরিণত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
নিজের পোস্টে উমামা আরও বলেন, “যারা মনে করেন বিশ্ববিদ্যালয় তার হারানো গৌরব ফিরে পাক, যারা রাজনৈতিক প্রভাবমুক্ত একটি শিক্ষাবান্ধব পরিবেশ চান, আমি তাদের সবাইকে আমাদের প্যানেলে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি।”
আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ডাকসু নির্বাচন সামনে রেখে ইতোমধ্যে অনেকে প্রার্থীতা ঘোষণা করলেও, উমামার এই স্বতন্ত্র উদ্যোগ ভিন্ন ধারার এক বিকল্প বার্তা দিচ্ছে বলে মনে করছেন শিক্ষার্থীরা। এখন দেখার বিষয়—স্বতন্ত্র এই স্বর কতটা জোরালো হয়ে ওঠে ঢাবির রাজনীতির কেন্দ্রবিন্দুতে।