শেকৃবি প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে ধর্মীয় সামগ্রী বিতরণ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর নেতা জিবরাইল শরীফ। রমজানের তাৎপর্য তুলে ধরে আত্মশুদ্ধি ও নৈতিক চর্চা জোরদারের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল ও হল মসজিদে শিক্ষার্থীদের মাঝে টুপি, তসবিহ, মেসওয়াক, আতর ও দোয়ার বই বিতরণ করা হয়। আয়োজনে অংশ নেওয়া শিক্ষার্থীরা এটিকে রমজানকেন্দ্রিক ইতিবাচক ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
জিবরাইল শরীফ বলেন, “রমজান আত্মশুদ্ধি, আত্মসংযম ও তাকওয়ার মাস। এই পবিত্র মাস আমাদের নৈতিকতা ও সহমর্মিতার শিক্ষা দেয়। ধর্মীয় অনুশাসনের চর্চা এবং ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ করতেই আমাদের এই সামান্য প্রয়াস।”
তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন ধরে ইসলামী মূল্যবোধ ও জাতীয় চেতনার প্রতি অঙ্গীকারের কথা তুলে ধরেছেন। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ইসলামের সুমহান আদর্শে বিশ্বাসী ছিলেন বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, “ইসলামের আদর্শ ও দেশপ্রেমকে রাজনৈতিক দর্শনের অংশ হিসেবে ধারণ করি আমরা। রমজানের এই পবিত্র সময়ে আত্মশুদ্ধি, সহমর্মিতা ও নৈতিকতার চর্চাই হোক আমাদের অঙ্গীকার।”
শিক্ষার্থীদের মতে, এ ধরনের উদ্যোগ ক্যাম্পাসে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ চর্চায় ইতিবাচক প্রভাব ফেলবে এবং রমজানের প্রকৃত চেতনাকে আরও জোরদার করবে।