নরসিংদী -২ পলাশ আসনের ১১ দলীয় জোট প্রার্থী এনসিপির যুগ্ম আহ্বায়ক নেতা গোলাম সরোয়ার তুষার নিজের কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ করেছেন।
বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়া শেষে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন তিনি।
সারোয়ার তুষার বলেন, “আমদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কান্দাইল এলাকায় ক্যাম্প বসাতে চাইলে বাধা দেয় বিএনপির লোকেরা। তারা ভোটকেন্দ্রে ঘন ঘন আসা-যাওয়া করছে, বিষয়টি প্রশাসকে জানানো হয়েছে।”
তিনি বলেন, “এ ছাড়া ভোটারসহ আমার নেতাকর্মীদের বিভিন্ন কেন্দ্রে ভয়ভীতি দেখানো হচ্ছে। এ বিষয়ে প্রশাসকে জানানো হয়েছে তারা এখনও কোনো ব্যবস্থা নেয়নি।
“ঘোড়াশাল পৌরসভা এলাকায় প্রচুর অস্ত্র রয়েছে কিন্তু প্রশাসনকে জানানোর পরও সেগুলো উদ্ধার ও ব্যবস্থা নেয়নি। আমি আশা করব, ভোট যাতে শান্তিপূর্ণ হয় সেটা নিশ্চিত করবে প্রশাসন।”
অভিযোগের বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত কোন বক্তব্য পাওয়া যায়নি।