বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচারভিত্তিক মানবিক সমাজ গড়ার অঙ্গীকার করে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বড়লেখা পৌর শহরের জেলা পরিষদ অডিটরিয়াম মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জোট মনোনীত প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার প্রকাশ করেন।
ইশতেহার ঘোষণাকালে আমিনুল ইসলাম বলেন, বর্তমান সময় বড়লেখা ও জুড়ীকে নতুনভাবে গড়ে তোলার সুবর্ণ সুযোগ। তরুণ সমাজকে সম্পৃক্ত করে একটি নিরাপদ, মানবিক, ইনসাফভিত্তিক, উন্নত ও সমৃদ্ধ বড়লেখা-জুড়ী গড়াই তাদের মূল লক্ষ্য।
ঘোষিত ইশতেহারে গ্রাম থেকে শহর পর্যন্ত টেকসই সড়ক উন্নয়ন, যানজট নিরসন, নদী ও খাল পুনঃখনন, শতভাগ বিদ্যুতায়ন, জলাবদ্ধতা দূরীকরণ এবং আধুনিক নগর ব্যবস্থাপনার প্রতিশ্রুতি দেওয়া হয়।
শিক্ষা খাতে নৈতিক ও আধুনিক শিক্ষার সমন্বয়, নতুন কলেজ স্থাপন, অনার্স কোর্স চালু, দরিদ্র শিক্ষার্থীদের জন্য শিক্ষা ঋণ ও বৃত্তি প্রদান এবং গণগ্রন্থাগার প্রতিষ্ঠার পরিকল্পনা তুলে ধরা হয়।
স্বাস্থ্য খাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়ন, শয্যা সংখ্যা বৃদ্ধি, বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ, পর্যাপ্ত ওষুধ সরবরাহ নিশ্চিত করা এবং অসহায় মানুষের জন্য ‘ফ্রি স্বাস্থ্য সুরক্ষা কার্ড’ চালুর ঘোষণা দেওয়া হয়।
ইশতেহারে চা-শ্রমিক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও উপজাতিদের নাগরিক অধিকার নিশ্চিতকরণ, ন্যায্য মজুরি, শিক্ষা সুবিধা সম্প্রসারণ ও ভূমি সমস্যার সমাধানে বিশেষ কর্মসূচির কথা উল্লেখ করা হয়। পাশাপাশি কৃষকদের জন্য বিনা লাভে কৃষি ঋণ, হাওরকেন্দ্রিক পরিবেশবান্ধব প্রকল্প বাস্তবায়ন, পর্যটন জোন গঠন, আধুনিক স্টেডিয়াম, বিনোদন পার্ক ও সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হয়।
দুর্নীতি, ঘুষ, চাঁদাবাজি ও অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন, বিশেষ মনিটরিং সেল গঠন এবং সব বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপনের ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণ, নারী-শিশু ও বয়োবৃদ্ধদের সুরক্ষা এবং সর্বোপরি ন্যায় ও ইনসাফভিত্তিক বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
আমিনুল ইসলাম বলেন, সব ধর্ম, নারী-পুরুষ ও শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে ঐক্য, মূল্যবোধ ও ন্যায়বিচারের ভিত্তিতে একটি নতুন বড়লেখা-জুড়ী গড়ে তোলা হবে। এই ইশতেহার বাস্তবায়নের মাধ্যমেই এ অঞ্চলের আগামীর সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের মৌলভীবাজার-১ আসনের পরিচালক ও জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, আসন পরিচালনা কমিটির সদস্য সচিব ফয়সল আহমেদসহ উপজেলা জামায়াত ও ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।