মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় অবৈধ আগ্নেয়াস্ত্র বিক্রির চেষ্টাকালে আমেনা আক্তার (৩২) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি একটি অত্যাধুনিক পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
পুলিশ সূত্র জানায়, সোমবার (২৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার আমেনা আক্তার রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার একটি আভিযানিক দল ওই এলাকায় অবস্থান নেয়। সন্দেহভাজন হিসেবে ওই নারীকে তল্লাশি করা হলে তার ভ্যানিটি ব্যাগ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, তিনি কোনো সংঘবদ্ধ চক্রের হয়ে অস্ত্রটি বিক্রি বা সরবরাহ করতে ওই এলাকায় এসেছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
ওসি আরও জানান, গ্রেপ্তার নারীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা জানতে তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে।