নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন কবি আবদুল হান্নান ইউজেটিক্স। সিলেটের বিশ্বনাথ উপজেলা জুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী গত ০৮ জানুয়ারি ২০২৬ খ্রি. তিনি উপজেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক নির্বাচিত হন।
পরবর্তীতে জেলা পর্যায়ের শ্রেষ্ঠত্ব বাছাই পর্বে জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উদযাপন কমিটির সিদ্ধান্ত মোতাবেক সিলেট জেলার জেলা প্রশাসক ও আহ্বায়ক জনাব মোঃ সারওয়ার আলম এবং জেলা শিক্ষা অফিসার ও সদস্য সচিব জনাব আবু সাঈদ মোঃ আব্দুল ওয়াদুদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ১৩ জানুয়ারি ২০২৬ খ্রি. তাকে সিলেট জেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক হিসেবে ঘোষণা করা হয়।
বহুমুখী প্রতিভার অধিকারী কবি আবদুল হান্নান ইউজেটিক্স ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের পলাশিয়া গ্রামের কৃতি সন্তান।
বর্তমানে তিনি সিলেটের বিশ্বনাথ সদরে অবস্থিত ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে সিনিয়র শিক্ষক (গণিত) হিসেবে কর্মরত রয়েছেন।
শিক্ষকতায় দক্ষতা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ এর আগেও তিনি জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২২ ও ২০২৪ সালে বিশ্বনাথ উপজেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক নির্বাচিত হয়েছিলেন।
শুধু শিক্ষকতাই নয়, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনেও তার অবদান প্রশংসনীয়। ইতোমধ্যে তিনি দেশ-বিদেশের বহু সম্মাননায় ভূষিত হয়েছেন। উল্লেখযোগ্য সম্মাননাগুলোর মধ্যে রয়েছে— বিশ্বসাহিত্য সম্মাননা (কলকাতা, ভারত), মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড, বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ড,
বেগম রোকেয়া স্টার অ্যাওয়ার্ড, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্মাননা, সুকুমার রায় সম্মাননা, জাতীয় সাহিত্য পদক (কাব্যকথা সাহিত্য পরিষদ), কবি জসীমউদ্দীন কবিতা পুরস্কার, সিলেট সাহিত্য পুরস্কার ও সুনামগঞ্জ সাহিত্য পুরস্কার।
উল্লেখ্য, আবদুল হান্নান ইউজেটিক্স একাধারে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার। তিনি দীর্ঘদিন সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলেন। বর্তমানে নিয়মিত কবিতা, গল্প, প্রবন্ধ ও গান রচনার মাধ্যমে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে চলেছেন।
তার এই সাফল্যে ময়মনসিংহের নান্দাইল ও সিলেটের বিশ্বনাথ উপজেলার শিক্ষক, সাহিত্যিক, সাংবাদিক ও সুধীজনেরা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।