মোঃ হাচান আল মামুন (খাগড়াছড়ি প্রতিনিধি:)
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাগড়াছড়িতে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রসহ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৫ মিনিটে খাগড়াছড়ি কৃষি গবেষণা কেন্দ্র এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এলাকাটি ৩০ বীর জোন সদর থেকে প্রায় ৩ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।
সেনাবাহিনী সূত্র জানায়, ৩০ বীর জোনের একটি বি-টাইপ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানের সময় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কদমতলী এলাকার বাসিন্দা আইয়ুব (৪৬) অবৈধ অস্ত্র ক্রয়ের উদ্দেশ্যে খাগড়াছড়িতে অবস্থান করলে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি দেশীয় পিস্তল, দুই রাউন্ড গুলি, নগদ ৪ হাজার ২০ টাকা, একটি মোবাইল ফোন ও দুটি সিম কার্ড উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৩০ বীর জোন সদরে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে রাত ৯টা ০০ মিনিটে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে খাগড়াছড়ি সদর থানায় হস্তান্তরের উদ্দেশ্যে পাঠানো হয়।
আটক আইয়ুব (৪৬) এর পিতা ইছহাক (মৃত)। তার বাড়ি চন্দ্রঘোনা গ্রামে, ডাকঘর কদমতলী, থানা রাঙ্গুনিয়া, জেলা চট্টগ্রাম।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।