জুয়েল রানা, মধুপুর প্রতিনিধি
নির্বাচন কমিশন সম্প্রতি নির্বাচনী আইন কঠোরভাবে বাস্তবায়নের অংশ হিসেবে বিদ্যমান বিধান অনুসরণ করছে। এ প্রেক্ষাপটে গণপ্রতিনিধিত্ব আদেশ (Representation of the People Order RPO) ১৯৭২-এর ১২ নম্বর অনুচ্ছেদের (১) উপধারায় উল্লেখ রয়েছে কোনো ব্যক্তি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ বা পদত্যাগ করার পর কমপক্ষে তিন (৩) বছর পূর্ণ না হলে তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।
এই বিধানের আলোকে টাঙ্গাইল-১ (মধুপুর–ধনবাড়ী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী পরিবর্তন করা হয়েছে। পূর্বে দলটির মনোনীত প্রার্থী ছিলেন অধ্যক্ষ মো. মোন্তাজ আলী। তিনি দীর্ঘদিন ধরে আদর্শিক রাজনীতি, শিক্ষা বিস্তার ও সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে আসছিলেন।
তবে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এবার ওই আসনে জামায়াতে ইসলামীর নতুন প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে ডা. মোহাম্মদ আবদুল্লাহিল কাফিকে।
দলীয় সূত্র জানায়, জামায়াতে ইসলামী বরাবরই ব্যক্তি নয় নীতি, আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে রাজনীতি করে। সেই ধারাবাহিকতায় কেন্দ্রীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে দলীয় জনশক্তি ও সমর্থকরা ঐক্যবদ্ধভাবে নতুন প্রার্থীর পক্ষে কাজ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রার্থী পরিবর্তন গণতান্ত্রিক রাজনীতির একটি স্বাভাবিক প্রক্রিয়া। এর মূল লক্ষ্য হচ্ছে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে ন্যায়, ইনসাফ ও ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠা করা