আবু বক্কর সিদ্দিক, কক্সবাজার(উখিয়া)প্রতিনিধি
বঙ্গোপসাগরের কুতুবদিয়া বহিঃনোঙর এলাকায় অভিযান চালিয়ে মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ ডিজেল ও সিমেন্টসহ ১১ জন চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) নিয়মিত টহল চলাকালীন নৌবাহিনীর জাহাজ ‘শহীদ মহিবুল্লাহ’ এই অভিযান পরিচালনা করে।
নৌবাহিনী সূত্রে জানা গেছে, একটি পাচারকারী চক্র ইঞ্জিনচালিত বোটের মাধ্যমে সমুদ্রপথে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে মায়ানমারে পণ্য পাচার করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন ও তৎসংলগ্ন এলাকায় টহল জোরদার করা হয়।
শুক্রবার কুতুবদিয়া বাতিঘর থেকে ৪২ মাইল দূরে ‘এফবি অঙ্কিতা অন্বেষা’ নামক একটি মাছ ধরার বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে নৌবাহিনী সেটিকে থামার সংকেত দেয়।
নৌবাহিনীর সংকেত পেয়ে বোটটি দ্রুত গতিপথ পরিবর্তন করে পালানোর চেষ্টা করলে নৌবাহিনী জাহাজ ‘শহীদ মহিবুল্লাহ’ ধাওয়া করে সেটিকে আটক করে।
পরবর্তীতে বোটটিতে তল্লাশি চালিয়ে ১০০০ লিটার ডিজেল এবং ৬৫০ বস্তা বাংলাদেশি ‘ডায়মন্ড সিমেন্ট’ জব্দ করা হয়।
আটককৃত ১১ জন পাচারকারী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, অধিক মুনাফা লাভের আশায় তারা অবৈধভাবে এসব পণ্য মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
জব্দকৃত মালামাল ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রামের পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষা এবং সমুদ্রে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নৌবাহিনীর এই ধরনের মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।