জুয়েল রানা মধুপুর প্রতিনিধি
আসন্ন খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে মধুপুরসহ টাঙ্গাইল জেলার পাঁচ উপজেলার বিভিন্ন চার্চে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলার শতাধিক চার্চে বড়দিন উৎসব পালিত হবে, যার মধ্যে মধুপুর উপজেলাতেই রয়েছে ৯৩টি চার্চ।
বড়দিনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন টাঙ্গাইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আদিবুল ইসলাম। সোমবার বিকেলে মধুপুর থানায় জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত বড়দিন উপলক্ষ্যে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি জানান, উৎসব চলাকালে পুলিশ সর্বক্ষণ সতর্ক অবস্থানে থাকবে এবং চার্চ এলাকায় টহল জোরদার করা হবে। এ সময় চার্চ প্রধান, প্রতিনিধি ও খ্রিষ্টান নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছে। প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবারও বড়দিন উৎসব শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে পালিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।