মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ সদর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ শ্রমিক লীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে মুন্সিগঞ্জ শহরের উপকণ্ঠ পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর গ্রামের কানাইবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন সীমান্ত (২০), যিনি পঞ্চসার ইউনিয়ন শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ওই ইউনিয়নের এ আর ক্লিনিক এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। অপর দুইজন হলেন—চর মুক্তারপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সাকিব (২৬) এবং মালিপাথর গ্রামের মৃত কাশেম মোল্লার ছেলে তন্ময় (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে সদর থানা পুলিশ পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর গ্রামের কানাইবাড়ি এলাকায় আমির সাহেবের খালি জায়গায় অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে সীমান্ত, সাকিব ও তন্ময়কে গ্রেপ্তার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি লোহার চাপাতি, একটি লোহার শাবল, একটি লোহার রড এবং দুটি টর্চ লাইট উদ্ধার করা হয়।
সদর থানা পুলিশের আরও দাবি, গ্রেপ্তারকৃত সীমান্তের বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় চুরি, ছিনতাই ও মাদক সংশ্লিষ্ট একাধিক অভিযোগ রয়েছে। তার নামে মোট সাতটি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।