মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ-২ (টঙ্গীবাড়ি–লৌহজং) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আলহাজ্ব কে এম বিল্লাল হোসাইন বলেছেন, দেশের রাজনীতিতে স্বাধীনতার পর থেকে চলমান সংঘাত, হানাহানি ও প্রতিহিংসার সংস্কৃতি এখন অতীত হওয়ার সময় এসেছে। তিনি বলেন, “এ দেশ আমাদের সবার, আমরা একে অপরের ভাই। প্রতিহিংসা নয়, শান্তি, নিরাপত্তা ও ভ্রাতৃত্বের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই।”
শুক্রবার জুমার নামাজের পর টঙ্গীবাড়ি উপজেলার যশলং ইউনিয়নের নয়না গ্রামে নিজের বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।
বিল্লাল হোসাইন বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ তাকে সুযোগ দিলে সমাজ থেকে মাদক নির্মূলকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন। তিনি দাবি করেন, মাদক সমাজের মূলধারাকে ধ্বংস করছে এবং তরুণ প্রজন্মকে বিপথে ঠেলে দিচ্ছে—যা এখনই বন্ধ করতে হবে।
নদীবেষ্টিত মুন্সিগঞ্জে প্রতিবছর নদীভাঙনে হাজারো মানুষ ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হন উল্লেখ করে তিনি বলেন, স্থায়ী ও টেকসই একটি বাঁধ নির্মাণ তার অন্যতম নির্বাচনী অঙ্গীকার। তিনি বলেন, “নদীভাঙন এই অঞ্চলের মানুষের স্থায়ী অভিশাপ। বছরের পর বছর ক্ষতির পর এবার দরকার কার্যকর সমাধান।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক গাজী রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুনসুর আহমেদ মুসা, লৌহজং উপজেলা সাধারণ সম্পাদক ডা. ওবায়দুল্লাহ সরদার, উপজেলা সহসভাপতি আব্দুস সাওয়ার মোল্লা, আল আমিন বেপারীসহ অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মী।
স্থানীয় পর্যায়ে নির্বাচনী মাঠে গতি আসায় প্রার্থীদের এমন কর্মসূচি এবং প্রতিশ্রুতির আলোচনায় প্রাণ ফিরে পেতে শুরু করেছে রাজনৈতিক অঙ্গনও।