মোঃআতেফ ভূঁইয়া,গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪০ নং ওয়ার্ডের মেঘডুবী এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর রাতে অজ্ঞাত চোরের দল গোডাউন থেকে একটি জেনারেটর, দুটি বড় পানির পাম্প, দুটি ছোট পাম্প, প্লাস্টিকের পাইপ ও বিক্রির উদ্দেশ্যে মজুদ করে রাখা শীতের ২ হাজার ৬৭০ পিস জামা নিয়ে যায়।
গোডাউন মালিক মিন্টু মিয়া জানান, “চোরেরা আমার ঘুরে দাঁড়ানোর পথটাই বন্ধ করে দিয়েছে। প্রায় ৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। মাসের শেষে গোডাউন ছেড়ে দেওয়ার কথা ছিল, কিন্তু মাসের অর্ধেক না যেতেই এমন ঘটনায় আমি দিশেহারা হয়ে পড়েছি।”
এদিকে একই দিনে ৪০ নং ওয়ার্ডের চিড়ইবাড়ি মাদ্রাসা সংলগ্ন এলাকায় সোহেল মিয়ার বাড়িতেও চুরির ঘটনা ঘটে। সরেজমিনে গিয়ে দেখা যায়, চোরেরা বাড়ির তালা ভেঙে ঘরের সিলিং ফ্যান, হাড়ি–পাতিল এবং পানি গরম করার যন্ত্র (গিজার) চুরি করে নিয়ে গেছে।
একদিনে একই এলাকায় দুটি চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে।
এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, “ঘটনা জানার পরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”