চট্টগ্রামের মিরসরাইয়ে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)–এর চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক কমিটির সদস্য গাজী তাহমিদ খানকে হত্যার প্রতিবাদে এবং বিএনপির বিভিন্ন গ্রুপের অভ্যন্তরীণ সংঘর্ষের নামে চলমান সহিংসতার বিরুদ্ধে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটি।
একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ দাবি করেছে আপ বাংলাদেশ।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বিজয়নগর পানির ট্যাংকি মোড়ে এই কর্মসূচি পালন করা হয়।
মিছিলপূর্ব সমাবেশে আপ বাংলাদেশের সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ বলেন, “ইন্টেরিম সরকার জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। গণঅভ্যুত্থানের পর জনগণের জান–মালের যে সুরক্ষা প্রয়োজন ছিল, তা নিশ্চিত করা হয়নি।”
তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে তিনি আরও বলেন, “এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন কতটা সম্ভব—তা নিয়ে প্রশ্ন আছে। বিএনপির সন্ত্রাস বন্ধে তারেক রহমানকে কঠোর অবস্থান নিতে হবে, নইলে জনগণ ভোটের মাধ্যমে জবাব দেবে।”
আপ বাংলাদেশের প্রধান সংগঠক নাঈম আহমাদ বলেন, “তারেক রহমান ৩১ দফা সংস্কারের দাবি নিয়ে ভোট চাইছেন, অথচ তাঁর দলের কিছু বিপথগামী নেতাকর্মীর সন্ত্রাসী কর্মকাণ্ড বিএনপির সম্ভাবনাকে ক্ষুণ্ন করছে।
সেই ধারাবাহিকতায় আমাদের নেতা গাজী তাহমিদ খানকে হত্যা করা হয়েছে। এখনই শৃঙ্খলা না ফেরালে ভোটের মাঠে অনাকাঙ্ক্ষিত ফল আসতে পারে।”
বিক্ষোভে উপস্থিত ছিলেন মুখপাত্র শাহরিন ইরা, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর ও জেলার আহ্বায়ক–সদস্য সচিব, ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখার সংগঠকরা।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বিজয়নগর পানির ট্যাংকি মোড় থেকে শুরু হয়ে পুরানা পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।