মোঃআতেফ ভূঁইয়া গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর বাসন থানাধীন টেকনগপাড়া এলাকার একটি আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপের অভিযোগে ২৪ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের মোবাইল–২ ও কিলো–২ টিমের যৌথ অভিযানে হোটেলটি ঘিরে ফেলা হয়।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন খান জানান, হোটেলের কয়েকটি কক্ষে নারী–পুরুষের সন্দেহজনক উপস্থিতি লক্ষ্য করলে তল্লাশি চালানো হয়। এ সময় তারা প্রকাশ্যে দেহ প্রদর্শনের মাধ্যমে অনৈতিক কাজে লিপ্ত হয়ে অন্যদের প্রলুব্ধ করার চেষ্টা করছিল বলে পুলিশ নিশ্চিত হয়।
অভিযানে মোট ২৪ জন—১৭ জন পুরুষ ও ৭ জন নারীকে আটক করা হয় এবং তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে প্রসিকিউশন নং ২৭৫/২০২৫, তারিখ ২৫/১১/২০২৫-এর মাধ্যমে জিএমপি অধ্যাদেশ ৭৫ ধারায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে সকলকে আদালতে পাঠানো হয়েছে।
ওসি শাহিন খান আরও জানান, জননিরাপত্তা নিশ্চিত করা, অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিতভাবেই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।