মোঃ আতেফ ভূঁইয়া গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর মধ্য ভোরা এলাকায় ছিনতাইকারীদের হামলায় পুলিশের দুই সদস্য গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৪ নভেম্বর) দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। পরে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
আহতরা হলেন—গাজীপুর মেট্রোপলিটন সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুর রশিদ এবং পুলিশ কনস্টেবল সাইফুল ইসলাম। আটককৃত ছিনতাইকারী মো. আব্রাহাম (১৯), গাজীপুর মহানগরীর ঘোড়া এলাকার বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, সোমবার গভীর রাতে এএসআই আব্দুর রশিদ ও কনস্টেবল সাইফুল ইসলাম মধ্য ভোরা এলাকায় বিশেষ অভিযানে যান। এসময় একদল ছিনতাইকারী হঠাৎ তাদের ওপর হামলা চালায়। এতে দুই পুলিশ সদস্যই গুরুতর জখম হন। আশপাশের লোকজন ছুটে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, এএসআই আব্দুর রশিদের কপাল ও ঠোঁটে গুরুতর আঘাত লেগে সেলাই করতে হয়েছে। তার হাঁটুতেও আঘাত রয়েছে। অন্যদিকে কনস্টেবল সাইফুল ইসলাম মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে পড়েন। তার দুটি দাঁত ভেঙে গেছে এবং ঠোঁট ও চোখে আঘাত লেগেছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “ছিনতাইকারী চক্রকে ধরতে পুলিশের অভিযান চলছে। ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে। সে থানা হেফাজতে রয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।”