চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রী তামান্না শারমীনকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে গোপনে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। কয়েকদিন আগে এই স্থানান্তর কার্যক্রম সম্পন্ন হলেও সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে আসে। মঙ্গলবার (২৫ নভেম্বর) চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ছোট সাজ্জাদকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে এবং তার স্ত্রী তামান্না শারমীনকে ফেনী কারাগারে স্থানান্তর করা হয়েছে। কারা কর্তৃপক্ষ জানায়, নিরাপত্তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাজ্জাদের বিরুদ্ধে চট্টগ্রামে সংঘটিত একাধিক হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
গত ১৫ মার্চ ঢাকার বসুন্ধরা সিটি এলাকা থেকে সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারের পর থেকেই তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ছিলেন। কিন্তু বন্দি অবস্থায়ও তার নাম জড়িয়ে পড়ে চট্টগ্রামের বহদ্দারহাট, পাঁচলাইশসহ বিভিন্ন এলাকায় ডাবল মার্ডার ও টার্গেট কিলিংয়ের ঘটনায়। ফলে তার কারাবন্দি অবস্থায় নিরাপত্তাজনিত ঝুঁকি বৃদ্ধি পাচ্ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
অন্যদিকে, গত ১০ মে দিবাগত রাতে নগরের বহদ্দারহাট বাড়ইপাড়া এলাকা থেকে সাজ্জাদের স্ত্রী তামান্না শারমীনকে গ্রেপ্তার করা হয়। তিনিও বিভিন্ন অপরাধে সাজ্জাদের সহায়তা করেছেন বলে অভিযোগ রয়েছে।
কারা সূত্র জানায়, উভয়কে আলাদা জেলখানায় স্থানান্তর করা হয়েছে বিশেষ নিরাপত্তা বিবেচনায়। যাতে কারাগারের ভেতরে বা বাইরে কোনো ধরনের নাশকতা, যোগাযোগ বা প্রভাব বিস্তারের সুযোগ না থাকে।
সাজ্জাদ ও তার স্ত্রীর স্থানান্তরের ঘটনায় চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের দাবি, সাজ্জাদ চট্টগ্রামের অন্যতম ভয়ঙ্কর সন্ত্রাসী নেটওয়ার্ক পরিচালনা করতেন, যার প্রভাব এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।