সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বৃহৎ বানিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারে বিএনপির আয়োজনে এক সমাবেশকে কেন্দ্র করে কয়েক ঘণ্টা মেইন রোড বন্ধ হয়ে পড়ে। এতে বাজারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয় এবং সাধারণ পথচারী ও ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়েন।
শুক্রবার (২১ নভেম্বর) দুপুর দুইটার দিকে সমাবেশস্থলে মঞ্চ নির্মাণ শুরু হলে বাজারের মূল সড়কের দোকানপাট বন্ধ হয়ে যায় এবং যানবাহন চলাচল সম্পূর্ণ থমকে যায়। বিএনপির ধানের শীষ প্রতীকের পক্ষে জনমত গঠন ও ঘোষিত ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে বাদাঘাট ও বড়দল উত্তর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মনোনয়ন বঞ্চিত নেতা কামরুজ্জামান কামরুল।
তিনি বলেন, “আপনারাই আমার শক্তি। সামনে নির্বাচনে ধানের শীষ নিয়ে জয়ী হয়ে সুনামগঞ্জ-১ আসনকে মডেল আসনে পরিণত করবো।”
কামরুল আরও দাবি করেন, অতীতে এলাকায় ‘বোরকা বাহিনী’ নামে পরিচিত একটি সন্ত্রাসী গোষ্ঠীর ত্রাসের বিরুদ্ধে তিনি নেতৃত্ব দিয়ে অবস্থান নিয়েছিলেন। তার বক্তব্য, “তাদের প্রধানকে ধরে আইনের হাতে দিয়েছি। তখন বড় কোনো নেতা বা অর্থশালী কারও সহায়তা ছিল না, এরপরও ২৩টি মামলার মুখোমুখি হয়েছি।”
যাদুকাটা বালু মহালে অতিরিক্ত রয়্যালটি আদায়ের অভিযোগ তুলে তিনি বলেন, শ্রমিকদের সঙ্গে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে ‘দাতভাঙা জবাব’ দেওয়া হবে।
সমাবেশকে ঘিরে বিভিন্ন দিক থেকে খণ্ড খণ্ড মিছিল বাজার এলাকায় প্রবেশ করলে যানজট আরও তীব্র আকার ধারণ করে।
নাম প্রকাশ না করার শর্তে এক ব্যবসায়ী ক্ষোভ নিয়ে বলেন, “রাজনৈতিক দলসহ বিভিন্ন ইসলামিক সংগঠন প্রায়ই রাস্তায় সভা করে। এতে আমাদের বড় ধরনের ক্ষতি হয়।”
পথচারী রহিম বলেন, “বাজারের পাশেই মাঠ রয়েছে। সেখানে করলে মানুষের ভোগান্তি হতো না। রাস্তায় সমাবেশ করায় সাধারণ মানুষই বেশি কষ্টে পড়ে।”
বাদাঘাট ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. মঞ্জুর আলীর সভাপতিত্বে এবং বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. এনাম উদ্দিন তালুকদারের সঞ্চালনায় বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।