গাজীপুরের টঙ্গী বিসিক এলাকায় ফ্যাশন পালস লিমিটেড পোশাক কারখানায় ভূমিকম্প আতঙ্কে অন্তত দুই শতাধিক শ্রমিক আহত হয়েছেন।
শুক্রবার সকাল ১০টা ৩৯ মিনিটে হঠাৎ ভূমিকম্প অনুভূত হলে নয়তলা ভবনটির প্রায় তিন হাজার শ্রমিক একযোগে নিচে নামতে শুরু করেন। এই হুড়োহুড়ির মধ্যেই অনেকে পড়ে গিয়ে বা ধাক্কাধাক্কিতে আহত হন। আহতদের টঙ্গী সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।
কারখানার শ্রমিকদের ভাষ্য, ভূমিকম্প শুরু হতেই পুরো ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত বের হওয়ার চেষ্টা করতে গিয়ে আরমান (১৭), খোকন (১৭), শারমিন (২৪), আমেনা (৩০), জহুরা (৩২), কৃষ্ণা (৩৩), জান্নাত (১৮), রাণী (৩৫), আকাশ (১৫), কল্পনা (৩৯), সাবিনা (৩০), সীما (৪০), রহিমাসহ (২৫) অন্তত ২০০ জন আহত হন।
গুরুতর আহত শারমিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার বিষয়ে কারখানার পক্ষ থেকে কেউই গণমাধ্যমে মন্তব্য করতে রাজি হননি।
টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইশরাত জাহান এ্যানী ও ডা. তারেকুর রহমান জানান, শ্রমিকরা সবাই হুড়োহুড়ি করে নামতে গিয়ে আঘাত পেয়েছেন।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান বলেন, ভূমিকম্পের সময় আতঙ্কে দ্রুত নিচে নামতেই এত শ্রমিক আহত হয়েছেন। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।