নরসিংদীতে আদালত ভবনে দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন এক ছাত্রদল নেতা। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে হাজিরা দিয়ে বের হওয়ার সময় দায়রা জজ আদালত ভবনের নিচতলার সিডিআর রুমের সামনে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ছাত্রদল নেতা সিয়াম হোসেন (২৮) পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার এমরান মিয়ার ছেলে। তিনি পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।
পরিবারের সদস্যরা জানান, গত বছরের ডিসেম্বরে ঘোড়াশালের পাইকসা এলাকায় দায়ের হওয়া একটি ছিনতাই মামলায় তিনি বৃহস্পতিবার আদালতে হাজিরা দিতে যান। হাজিরা শেষে আদালত ভবনের সিডিআর রুমের সামনে পৌঁছালে অজ্ঞাত সন্ত্রাসীরা লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তাকে গুরুতর জখম করে।
আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়। তার মাথায় চারটি সেলাইসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
নরসিংদী আদালত পুলিশের পরিদর্শক সাইরুল ইসলাম জানান, আহত ব্যক্তির প্রতিপক্ষ আদালতের জজকোর্টের তিন নম্বর গেইট এলাকায় তার ওপর অতর্কিত হামলা চালায়। কোর্ট পুলিশের সহায়তায় আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।