মো: হোসেন, মনপুরা প্রতিনিধি
মেঘনা নদীর অভয়াশ্রমে ছোট পাঙ্গাশ মাছের পোনা নিধনের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে মনপুরা উপজেলা মৎস্য বিভাগ।
জাতীয় মৎস্য সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে ১৮ নভেম্বর, মঙ্গলবার, ভোলা জেলার মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক-এর নেতৃত্বে মৎস্য বিভাগ ও মনপুরা কোস্টগার্ডের একটি যৌথ দল মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে।
এদিন ১নং মনপুরা ইউনিয়ন মিয়াজমির শাহ ঘাটের পয়েন্টে অভিযান চালিয়ে প্রায় তিনটি পাঙ্গাশ মাছের পোনা নষ্টকারী চাই, আটক করা হয়। যদিও এসময় কোনো নৌকা বা অসাধু জেলেকে আটক করা সম্ভব হয়নি, তবে জব্দকৃত, পোনা ধ্বংসকারী চাইগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।
মৎস্য দপ্তর সূত্র জানায়, অভিযান কালে চাই বসানোর সরঞ্জামও জব্দ করা হয়।মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক জানান, মেঘনার এই অভয়াশ্রমে পাঙ্গাশ মাছ ধরার উপর নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে এবং এর সুরক্ষায় মৎস্য দপ্তর ও কোস্টগার্ডের অভিযান সারা বছরই অব্যাহত থাকে।
তিনি বলেন, “মেঘনার একটি পয়েন্টে আমরা তিনটি চাই জব্দ করতে পেরেছি। যারা ছোট পাঙ্গাশ মাছ শিকার করবে, তাদের আটক করার জন্য মৎস্য দপ্তরের টিম নিয়মিত অভিযানে রয়েছে, উপজেলা মৎস্য কর্মকর্তা আরও উল্লেখ করেন যে পাঙ্গাশ মাছের পোনা ধ্বংসকারী চাইয়ের উপর অভিযান অব্যাহত থাকবে।
তিনি স্বীকার করেন, কিছু অসাধু জেলে সুযোগ বুঝে নদীতে চাই বসিয়ে মাছ শিকার করছে। এমন খবর পাওয়া গেলেই তাদের আটক করার চেষ্টা করা হয়। জেলেদের পাওয়া না গেলেও জব্দ করা হয় মাছ ধরার চাই।
মাছের পোনা রক্ষায় স্থানীয় সচেতন নাগরিকদের সহযোগিতা চেয়ে মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক বলেন, উক্ত অসাধু জেলেরা যাতে নদীতে চাই ব্যবহার করে পাঙ্গাশ মাছ ধরতে না পারে, সেজন্য এলাকার সচেতন মহলের সহযোগিতা একান্ত কাম্য অভিযানে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা মৎস্য দপ্তরের সাসটেইনেবল কোস্টাল ও মেরিন ফিশারিজ প্রজেক্টের তথ্য সংগ্রহকারী মো. রাসেদ ও মো. হেলাল উদ্দিন, নদী পাহারাদার মো. হেলাল উদ্দিন সহ অন্যান্য কর্মকর্তাগণ।