সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা নিখোঁজ এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদী লুনা বলেছেন, “ব্যক্তির চেয়ে দল, আর দলের চেয়ে দেশ বড়।”
তাই ব্যক্তিগত রেষারেষি, পাওয়া না পাওয়ার হিসাব ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করতে হবে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় ওসমানীনগর উপজেলার শেরপুর নতুনবাজারে সাদিপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তাহসিনা লুনা বলেন, “দলের ভেতরে অনেকের কষ্ট থাকতে পারে—কেউ পেয়েছেন, কেউ পাননি; কিন্তু একটি বড় দলে সবার সব চাওয়া পূরণ করা সম্ভব নয়। এখন আমাদের একটাই লক্ষ্য—বিএনপিকে বিজয়ী করা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠন করা।”
তিনি স্মরণ করেন, “ইলিয়াস আলী গুম হওয়ার পর খালেদা জিয়ার নির্দেশে আমি এই আসনের দায়িত্ব গ্রহণ করি। তখন থেকেই আপনাদের পাশে আছি। ইলিয়াস আলীর অনুপস্থিতিতে বিশ্বনাথ ও ওসমানীনগরের মানুষকে আমি আমার কাছে একটি আমানত হিসেবে মনে করেছি।”
সরকারের সমালোচনা করে তিনি বলেন, “ইলিয়াস আলীর করে যাওয়া উন্নয়নকাজের সংস্কারও করা হয়নি। বরং আওয়ামী লীগের এমপি-মন্ত্রীরা উন্নয়নের টাকা লুট করে বিদেশে বাড়ি-গাড়ি কিনে আরাম-আয়েশে আছেন। অথচ আমাদের নেত্রী খালেদা জিয়া কিংবা তারেক রহমান—কারও বিদেশে বাড়ি নেই। আমরা জনগণের সঙ্গে আছি, পালিয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না।”
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “এই নির্বাচনে আমাকে ইলিয়াস আলীর প্রতিনিধি হিসেবে দেখবেন। ধানের শীষে ভোট দিন—এই ভোট ইলিয়াস আলীর প্রতি ভালোবাসার প্রতীক। বিএনপি যখনই ক্ষমতায় এসেছে, দেশের উন্নয়ন হয়েছে। আগামীতে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশ উন্নয়ন ও ন্যায়বিচার ফিরে পাবে।”
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এসএম মাসুদ। এতে জেলা-উপজেলার নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।