জুয়েল রানা, মধুপুর প্রতিনিধি
নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে টাঙ্গাইলের মধুপুরসহ আশপাশের উপজেলাগুলোর রোপা আমন ধান মাটিতে শুয়ে পড়েছে। ফলন ঘরে তোলার আগমুহূর্তে আধাপাকা ও কাঁচা ধান পড়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।
জানা গেছে, আগামী ৫–৬ সপ্তাহের মধ্যে মাঠের পাকা ধান ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন কৃষকেরা। কিন্তু কার্তিকের শেষ দিকে অসময়ের টানা বৃষ্টিতে মাঠের ধান লুটিয়ে পড়েছে। দীর্ঘস্থায়ী বর্ষণে ধানক্ষেতের পাশাপাশি আনারস, কলা ও শাকসবজির খেতেও পানি জমে গেছে। এতে ফলন ও গুণগত মান দুই-ই ক্ষতির মুখে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
শনিবার (২ নভেম্বর) দুপুরে মধুপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাঠ ঘুরে দেখা গেছে কাঁচা ও হলুদ হয়ে আসা ধানের খেত মাটিতে শুয়ে রয়েছে। অনেক জায়গায় বিঘার পর বিঘা জমির ধান একেবারে কাদায় মিশে গেছে।
স্থানীয় কৃষকরা জানান, কয়েক মাসের কষ্টের ফসল ঘরে তোলার আগেই বৃষ্টিতে ধান পড়ে যাওয়ায় তারা এখন দিশেহারা। সময়মতো রোদ না পেলে ধান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা।
একজন কৃষক বলেন, এমন বৃষ্টি আর যেন না হয় আল্লাহর কাছে দোয়া করছি।