নূর আলম, দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি
নেত্রকোণার দুর্গাপুরে নদীপথে ট্রলারে ভারতীয় কম্বল পাচারের সময় ২০০ পিস কম্বলসহ একজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলার সোমেশ্বরী নদীর চৈতাটি ঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তির নাম সোহেল মিয়া (৪৮)। তিনি উপজেলার চৈতাটি এলাকার বাসিন্দা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আরও দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাত তিনজনকে আসামি করে মামলা করেছে। অন্য আসামিরা হলেন গাঁওকান্দিয়া গ্রামের রাশেদুল ইসলাম (৩২) ও শংকরপুর গ্রামের আনোয়ার হোসেন (৩৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমেশ্বরী নদীপথে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালানোর চেষ্টা করে। এ সময় সোহেল মিয়াকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। জব্দ করা হয়েছে ইঞ্জিনচালিত একটি ট্রলার ও ২০০ পিস ভারতীয় কম্বল, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ১৫ হাজার টাকা।
পুলিশের আরও দাবি, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে এসব কম্বল এনে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে একজনকে আটক করা হয়েছে। আটক আসামিকে মামলার পর আদালতে সোপর্দ করা হয়েছে।”