ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন তিনবারের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার বিজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী। মঙ্গলবার রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার ডালপা গ্রামের নেদায়ে ইসলাম দাখিল মাদ্রাসা মাঠে জানাজা শেষে উত্তরপাড়া পীরমুড়ি কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজার আগে নিহত ত্বকীর বাবা মাদ্রাসা শিক্ষক বদিউল আলম আবেগঘন কণ্ঠে বলেন,
“আমার ছেলে হাসপাতালের আইসিইউতে শেষ মুহূর্ত পর্যন্ত জিকির করেছে। আমি বেডের পাশে দাঁড়িয়ে শুনেছি, তার প্রতিটি নিঃশ্বাসে আল্লাহর নাম উচ্চারিত হচ্ছিল। আমি তখন প্রার্থনা করেছি, আল্লাহ যদি তার আয়ু না থাকে, তবে তাকে ঈমানের সঙ্গে কবুল করো। আমার সন্তান জিকির করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে।”
তিনি আরও বলেন,
“আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। সে ইসলামের বিধান মেনে জীবন যাপন করেছে। আমি জানি, সে কেমন মানুষ ছিল। তার মৃত্যুর পরও আমি ধৈর্য ধরেছি, কারণ জানি, আমার রবের সন্তুষ্টিই বড়। আমি তাকে সাদা কাপড়ে মুড়িয়ে নিজ হাতে বাড়িতে এনেছি, নিজ কাঁধে বহন করেছি যেন তাকে জান্নাতে পৌঁছে দিতে পারি।”
পরিবারের সদস্যরা জানান, হাফেজ ত্বকী সম্প্রতি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর মুগদা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সকালে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
২০০০ সালে কুমিল্লার মুরাদনগরের ডালপা গ্রামে জন্ম নেন ত্বকী। তার বাবা মাওলানা বদিউল আলম একজন মাদ্রাসা শিক্ষক। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার বড়।
হাফেজ সাইফুর রহমান ত্বকী মারকাযুত তাহফিজ থেকে হিফজ সম্পন্ন করেন এবং একাধিকবার কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হন। তিনি নারায়ণগঞ্জের এক মাদ্রাসায় কিতাব বিভাগে অধ্যয়ন করছিলেন।
আন্তর্জাতিক পর্যায়ে ত্বকী জর্ডান, কুয়েত ও বাহরাইনের কুরআন প্রতিযোগিতায় বিজয় অর্জন করেন। দেশে তিনি এনটিভির ‘কোরআনের আলো’সহ বহু প্রতিযোগিতায় অংশ নিয়ে শীর্ষস্থান অর্জন করেন।
তার অকাল মৃত্যুতে কুমিল্লা জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ধর্মপ্রাণ মানুষরা এই তরুণ হাফেজের জন্য দোয়া করেছেন যেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।