চট্টগ্রামে জুলাই আন্দোলনের সময় প্রকাশ্যে গুলি চালানো আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল টিপুকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় নগরীর কমার্স কলেজ এলাকার পাশে একটি ভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, টিপু ডবলমুরিং থানা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং পরবর্তীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। অভিযানে তার কাছ থেকে একটি বন্দুক, বিভিন্ন ধরনের গুলি, অস্ত্র পরিষ্কারের সরঞ্জাম ও ব্যাংকের চেক বই উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত গুলির মধ্যে পুলিশ ব্যবহৃত গুলিও রয়েছে বলে জানায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
পুলিশের এক কর্মকর্তা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশ্যে গুলি চালিয়ে দুই আন্দোলনকারীকে হত্যার অভিযোগে টিপুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত বছরের ৪ আগস্ট জুলাই আন্দোলন চলাকালে চট্টগ্রামের সিআরবি এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন সাইফুল ইসলাম ও মো. হাসান নামের দুই ছাত্র। তদন্তে দেখা যায়, ওই সময় প্রকাশ্যে গুলি চালান মোস্তফা কামাল টিপু।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা জানান, আটক টিপুকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি চলছে। এ ঘটনায় অস্ত্র আইনসহ একাধিক মামলায় নতুন তদন্ত শুরু করা হবে বলে নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।