শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রায়হানুল ইসলাম (৩২) রানা নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) বেলা ১২ টার দিকে শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের নগরআরা এলাকার নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রায়হানুল ইসলাম ওই গ্রামের মৃত শাহ্ আনোয়ার হোসেনের ছেলে। তিনি সর্বশেষ জয়পুরহাটের কালাই থানায় কর্মরত ছিলেন। আজ শনিবার ঢাকার নৌপুলিশে যোগদানের কথা ছিল তার।
পরিবার সূত্রে জানা যায়, দুপুরের দিকে তিনি নিজ বাড়িতে বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় পরিবারের লোকজন দ্রুত তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বোন মোছাম্মৎ সাম্মী আক্তার জানান, নতুন কর্মস্থলে যোগদানের কথা ছিল তার ভাই এর। এমন সময়ে এ অঘটন মেনে নেওয়া কঠিন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুদ্দিন জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।