মঈন উদ্দীন, বান্দরবান
”মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি,কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই স্লোগানকে সামনে রেখে বান্দরবানে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর ২০২৫) সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) আয়োজনে ও প্রশাসনের সার্বিক সহযোগিতায় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে শেষ হয়।পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচলা সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এস এম হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি।
আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে,সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: সাখাওয়াত হোসেন,মোটরযান পরিদর্শক অরুন সরকারসহ সরকারি কর্মকর্তা ও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।
সময় বক্তারা বলেন, সবাইকে আইন মেনে সড়কে চলাচল করতে হবে এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তারা আরও বলেন, বাংলাদেশে প্রতিনিয়ত অসংখ্য দুর্ঘটনা ঘটছে, যার অধিকাংশই ঘটে ট্রাফিক আইন অমান্য করার কারণে। যানবাহনের অতিরিক্ত গতি, বেপরোয়া ড্রাইভিং, মোবাইল ফোনে কথা বলা, হেলমেট ও সিটবেল্ট না পরা এসবই দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চিহ্নিত।
বক্তারা আরও বলেন, দুর্ঘটনা রোধে চালক, পথচারী ও সাধারণ মানুষ সবাইকে সচেতন হতে হবে। ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি সড়ক ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম চালানো অত্যন্ত জরুরি। তারা সবাইকে আহ্বান জানান, ব্যক্তি ও সামাজিক পর্যায়ে দায়িত্বশীল আচরণের মাধ্যমে নিরাপদ সড়ক এবং স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য।
সভার শেষ পর্যায়ে বান্দরবানে সড়ক দুর্ঘটনায় নিহত এক শিক্ষার্থীর পরিবারের হাতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর ট্রাস্টি বোর্ড এর পক্ষ থেকে ৫ লক্ষ টাকার একটি চেক প্রদান করা হয়।