টাঙ্গাইলের মধুপুর পৌর শহরে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে দুইজনকে আলাদা মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১৯ অক্টোবর) দুপুরে মধুপুর পৌরসভার চরপাড়া এলাকার মাদক ব্যবসায়ী জুয়েল সরকার নিক্সন ও তার সহযোগী বিল্লাল হোসেনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে তোলা হয়।
এর আগে, দামপাড়া গ্রাম থেকে বিল্লালকে আটক করে পুলিশ। পরে নিক্সনকেও তার নিজ বাড়ি চরপাড়া থেকে গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে আদালত জুয়েল সরকার নিক্সনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং বিল্লাল হোসেনকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। সহযোগিতায় ছিলেন মধুপুর থানা পুলিশের একটি টিম।
সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া বলেন জনস্বার্থে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকবিরোধী এই কার্যক্রমে জনগণের সহযোগিতা আমরা সবসময় প্রত্যাশা করি।