আক্কাছ আলী মুন্সিগঞ্জ
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে একদিনব্যাপী নৌ-ভ্রমণ, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। শনিবার (১১ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত পদ্মার বুকে এই আনন্দঘন আয়োজনে সাংবাদিকদের উচ্ছ্বাসে মুখরিত ছিল পুরো দিনটি।
সকাল ১০টার দিকে টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল ঘাট থেকে বড় ট্রলারে চড়ে সাংবাদিকরা রওনা দেন। ট্রলার ছাড়ার সঙ্গে সঙ্গেই শুরু হয় আনন্দ-উল্লাস। নদীর দুই তীরে সবুজের আবরণ, মাঝ নদীতে ঢেউয়ের খেলা আর মুক্ত আকাশে উড়ন্ত পাখির সাথে সাংবাদিকদের প্রাণবন্ত গল্প আর হাসির রোল মিলেমিশে এক অপূর্ব পরিবেশ সৃষ্টি করে।
প্রথম গন্তব্য ছিল শরীয়তপুরের জাজিরা উপজেলার চিডারচর। সেখানে সাংবাদিকরা ছোট নৌকায় চড়ে পদ্মা নদীর মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করেন। দুপুর ২টার দিকে ট্রলার ভিড়ে হাসাইল নগরজোয়ার এলাকায়। সেখানে সাংবাদিকরা দুই দলে বিভক্ত হয়ে অনুষ্ঠিত হয় এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট। খেলায় মাঠে যেমন প্রতিদ্বন্দ্বিতা ছিল, তেমনি চারপাশে উপস্থিত দর্শকদের উচ্ছ্বাসে মুখরিত হয় স্থানটি।
খেলা শেষে সবাই নদীতে গোসল করে নেয়, এরপর আয়োজন করা হয় মধ্যাহ্নভোজের। হাসাইল নগরজোয়ার থেকে বিকেলের দিকে সবাই যান নওপাড়া কাশবন টিলায়। সেখানে সাংবাদিকরা দলবদ্ধভাবে ছবি তোলেন, সেলফিতে বন্দী করেন আনন্দের মুহূর্তগুলো। বিকেল ৫টার দিকে ট্রলার আবার রওনা দেয় দিঘিরপাড় ঘাটের উদ্দেশে। সেখানে চা পান ও আড্ডায় কাটে বিকেলের শেষ সময়। সন্ধ্যা ৬টার দিকে ট্রলারটি ফিরে আসে হাসাইল ঘাটে—এর মাধ্যমে নৌ-ভ্রমণের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
পুরো যাত্রাপথ জুড়ে চলেছে সাংস্কৃতিক অনুষ্ঠান। জনপ্রিয় সংগীত শিল্পী পার্থ সারথি রায় ও লালচান দাসের গানে পদ্মার ঢেউয়ের সঙ্গে দুলেছে আনন্দের নৌকা। গানের তালে তালে সাংবাদিকরা অংশ নেন নাচ-গানে, যা নৌ-ভ্রমণকে আরও প্রাণবন্ত ও স্মরণীয় করে তোলে।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শহিদ ই হাসান তুহিন, সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ খোকা, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ, সাধারণ সম্পাদক রনি শেখ, সাবেক সভাপতি অ্যাডভোকেট ব. ম. শামীম, সহ বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকার সাংবাদিকরা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের বাইরে কিছুটা সময় বিনোদন ও সৌহার্দ্য বৃদ্ধির জন্য এই আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ বলেন, “আমরা চাই সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হোক। এই ধরনের আয়োজন আমাদের ঐক্য ও সহযোগিতার মানসিকতা বাড়ায়।”
দিনভর হাসি-আনন্দ, খেলাধুলা, সঙ্গীত ও বন্ধুত্বের বন্ধনে স্মরণীয় হয়ে থাকবে টঙ্গীবাড়ী প্রেসক্লাবের এই নৌ-ভ্রমণ।