সজিব রেজা, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বিরল উপজেলায় পৃথক স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে পুকুরে ডুবে দুই শিশু এবং সকালে নদীতে ডুবে আরও এক শিশুর মৃত্যু হয়।
মৃত শিশুরা হলো- বিরল উপজেলার বিজোড়া ইউনিয়নের মুরাদপুর সাতভায়াপাড়া গ্রামের লিটন ইসলামের মেয়ে ইসরাত জাহান রাফা (১৩) ও একই গ্রামের মো. আফজাল হোসেনের মেয়ে মিম আকতার (১২) এবং ফরক্কাবাদ ইউনিয়নের দহগ্রামের বাবু ইসলামের ছেলে সামিউল ইসলাম (২)।
ইসরাত ও মিমি একে অপরের আপন চাচাতো বোন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর ১টার দিকে শিশু রাফা ও মিম তাদের বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়দের চেষ্টায় তাদের উদ্ধার করে দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
অপরদিকে সকাল ১০টার দিকে শিশু সামিউল বাড়ির পাশের পূর্নভবা নদীর ধারে খেলার সময় নদীতে পড়ে ডুবে যায়। পরে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
ঘটনার সত্যতা নিশ্চিত কর বিরল থানার উপ-পরিদর্শক (এসআই) শাকিল হোসেন বলেন, ‘খবর পেয়ে লাশগুলোর সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। মৃতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় দাফনের জন্য লাশগুলো তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।’