সজিব রেজা, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার মামলায় জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন ও তার ছেলেসহ ১০ জনকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আলমগীর কবীর তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, কারাগারে পাঠানোদের মধ্যে রয়েছেন দিনাজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জাতীয় পার্টির সাবেক সভাপতি দেলোয়ার হোসেন এবং তার ছেলে মো. নিশান। এছাড়া নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. জিয়াউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন মণ্ডল, জয়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আইনুল হকসহ আরও কয়েকজন স্থানীয় নেতা রয়েছেন।
এজাহারে উল্লেখ করা হয়, গত বছরের ৪ আগস্ট নবাবগঞ্জ উপজেলার তপনঘাট এলাকায় এক গোপন বৈঠকের পর আন্দোলনকারীদের মিছিলে হামলা চালানো হয়। অভিযোগে বলা হয়েছে, সাবেক এমপি শিবলী সাদিক ও তার চাচা দেলোয়ার হোসেনের নির্দেশে ওই হামলায় ককটেল, লোহার রড ও ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছিল।
ওই ঘটনায় চলতি বছরের ৮ জানুয়ারি নবাবগঞ্জ উপজেলার তপনঘাট গ্রামের বাসিন্দা ও স্বেচ্ছাসেবক দলের কর্মী নজরুল ইসলাম (৪০) বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি মামলা করেন।
মামলায় গত ১৮ মে আসামিরা হাইকোর্টে জামিনের প্রার্থনা করলে হাইকোর্টের বিচারক তাদের নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। পরে তারা দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হলে ৫ হাজার টাকা বন্ডে গণ্যমান্য ব্যক্তির জিম্মায় ৮ সপ্তাহের জামিন মঞ্জুর করেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) ৮ সপ্তাহ জামিনের শেষ দিনে আসামিরা পুনরায় জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।