মোঃ হাসনাইন আহম্মেদ, ভোলা
ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের মৌলভীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ড বেইস ভোলার ব্যবস্থাপনায় আয়োজিত এই ক্যাম্পেইনে মোট ৩৮৫ জন অসহায়, দরিদ্র, দুঃস্থ ও শিশুদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। পাশাপাশি তাদের মাঝে প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করা হয়।
স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের আস্থার প্রতীক হিসেবে কাজ করে আসছে। নিয়মিতভাবে আমরা মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছি।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও বাংলাদেশ কোস্ট গার্ডের এই ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।