মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে সশস্ত্র ডাকাতদের হামলা ও গোলাগুলির ঘটনায় জড়িত নয়ন-পিয়াস-রিপন বাহিনীর প্রধানসহ তিনজনকে ঢাকা ও গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।রিপন মেঘনার আলোচিত নয়ন-পিয়াস বাহিনীর সদস্য।
এর আগে পিয়াস জেলে থাকা অবস্থায় কিছুদিন বাহিনী প্রধান হিসাবে দায়িত্ব পালন করে সে। তার বিরুদ্ধে মুন্সিগঞ্জের গজারিয়া, চাঁদপুর জেলার মতলব উত্তর থানায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, চুরি, অস্ত্র ও মাদক আইনে ২৩টি মামলা রয়েছে।
এর আগে চলতি বছরের ৪ মে ৭টি মামলায় ওয়ারেন্ট থাকা অবস্থায় রিপনকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছিলো মহানগর গোয়েন্দা পুলিশ। কিন্তু কিছুদিন পরই জামিনে বের হয়ে যায় রিপন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৮ আগস্ট মধ্য রাতে রাজধানীর মতিঝিলের গাংচিল হোটেলে অভিযান চালিয়ে মুন্সিগঞ্জের গজারিয়ায় হামলার ঘটনায় জড়িত মো. হারুনকে (৪৭) আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ৩টায় যাত্রাবাড়ী থানার কাজলা এলাকা থেকে মো. জামিল উদ্দিন মাসুমকে (৪০) গ্রেপ্তার করা হয়।
এরপর সকালে গাজীপুর সদর থানার তেলিপাড়া এলাকা থেকে নয়ন-পিয়াস-রিপন বাহিনীর প্রধান রিপনকে (৪১) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চারটি বাটন ফোনও উদ্ধার করা হয়েছে।
গত ২৫ আগস্ট বিকাল আনুমানিক পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানাধীন গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুরে অস্থায়ী পুলিশ ক্যাম্পের সদস্যদের ওপর নৌ ডাকাত দল নয়ন পিয়াস-রিপন এর সদস্যরা গুলি ও ককটেল হামলা চালায়। এ সময় আত্মত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে পুলিশ।
পরে এ ঘটনায় ২৬ আগস্ট দুপুরে ‘জড়িতদের গ্রেপ্তারে’ যে কোন সময় যৌথবাহিনির অভিযানের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। একইদিন বিকালে এলাকাটিতে অভিযানে নামে পুলিশ, র্যাব ও কোস্টগার্ডের সমন্বিত ২০০ সদস্যের আভিযানিক দল।
তবে ওইদিন কাউকে আটক বা কোন অস্ত্র উদ্ধার হয়নি। সন্ধ্যায় পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা এসআই সৈয়দ আজহারুল ইসলাম বাদী হয়ে গজারিয়া থানায় মামলা দায়ের করেন।